শেষবেলায় আইপিএলে ডাক পেলেন ১৯ বছরের ক্রিকেটার

এবারের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে তোলপাড় ফেলে দিয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। এবার টুর্নামেন্টের শেষবেলায় এসে ১৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে দলে নিয়েছে সেই রাজস্থানই। চোটে ছিটকে যাওয়া নিতিশ রানার জায়গায় তাকে দলে নেওয়া হয়েছে।

১২ ম্যাচের স্রেফ তিনটি জিতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে রাজস্থানের। তাদের ম্যাচ বাকি আছে স্রেফ দুটি। ভবিষ্যতের বিনিয়োগের জন্যই ৩০ লাখ রুপিতে প্রিটোরিয়াসকে তারা দলে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইতোমধ্যেই প্রিটোরিয়াসকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর তরুণ প্রতিভাদের একজন মনে করা হয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর সিএসএ টোয়েন্টি চ্যালেঞ্জে গত বছর প্রায় ১৫৯ স্ট্রাইক রেটে ২৩৫ রান করেছিলেন। এসএ টোয়েন্টির অভিষেকে খেলেন ৫১ বলে ৯৭ রানের ইনিংস। এই টুর্নামেন্টেও তিনি সর্বোচ্চ স্কোরার ছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ডটাও এখন প্রিটোরিয়াসের। লংগার ভার্সনের ক্রিকেটে পাঁচ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি, এক ফিফটি করেছেন। ব্যাটিং গড় ৭২.৬৬। আগ্রাসী ফিফটি দিয়ে তার লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল। দশম ম্যাচেই খেলেন ৯৬ বলে ১২০ রানের ইনিংস। পরের ম্যাচে এক ওভারে পাঁচ ছক্কায় করেন ৬১ বলে সেঞ্চুরি।