৬ রানের আক্ষেপ নিয়ে সিরিজ জিতলেন তামিম ও তার দল

শ্রীলঙ্কা সফরে দারুণ ফর্ম দেখিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। সেই ধারাবাহিকতায় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে ৯৪ রানের ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কিন্তু দুর্ভাগ্য ৪০তম ওভারের খেলা চলাকালীন সময়ে বৃষ্টি বাধায় থেমে যায় ম্যাচ। শেষমেশ হয় পণ্ড। তাতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

এই সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকানো জাওয়াদ আবরার পেয়েছেন শূন্যের তেতো স্বাদ। এদিন রানের দেখা পান আরেক ওপেনার কালাম সিদ্দিকী আলিন। তিনি করেন ৩১ রান। দ্বিতীয় উইকেটে জুটি হয় ৬৫ রানের। আলিন ফিরলে ১০৮ রানের জুটি গড়েন তামিম ও রিজন হোসেন।

১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রানে থাকাকালে আউট হন তামিম। সেঞ্চুরি বঞ্চিত হন ৬ রানের জন্য। রিজন অপরাজিত থাকেন ৪৮ রানে। সিরিজে প্রথম ম্যাচটি হারার পর টানা তিনটি ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। পঞ্চম ম্যাচ জিতে সিরিজে ফেরার আভাস দেয় শ্রীলঙ্কা। কিন্তু ষষ্ঠ ম্যাচটি পণ্ড হওয়ায় কপাল পুড়লো তাদের।