ব্যাটিং ব্যর্থতায় শেষ হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

দুবাইতে, আজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারলে টানা তিন আসরে ফাইনাল খেলত বাংলাদেশ। টিকে থাকতো হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন। কিন্তু বৃষ্টি এবং আব্দুল সুবহানের ডানহাত হয়ে দাঁড়াল ব্যাটিং ব্যর্থতার অজুহাত। বৃষ্টি আর ভেজা মাঠের কারণে সেমিফাইনালের আয়ু কমে হয়েছিল ২৭ ওভার। তাতে আগে ব্যাট করে বাংলাদেশ অলআউট ১২১ রানে। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এসিসি'র আরেকটা আসরে ভারত-পাকিস্তান ফাইনাল, এবারও কি হবে ট্রফি নিয়ে কেলেংকারি?

বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে আরেকটা পাক-ভারত দ্বৈরথের মঞ্চ তৈরি করে দিল ঠিকই, তবে এর জন্যে ভাগ্যও খানিকটা দায়ী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল অবধি প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে দুবাইতে। স্থানীয় পত্রিকার খবর, বৃষ্টিপাতের রেকর্ড রাখার পর থেকে গত ৭৬ বছরে এমন বৃষ্টি হয়নি দুবাইতে। রাস্তায় জমা জলে বিকল বহু যানবাহন, দেয়াল ধ্বসে মৃত্যুও ঘটেছে এক জনের। এমন পরিস্থিতিতে টসে হেরে আগে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে। ভেজা উইকেটে পাকিস্তানের পেসারদের সুইং সামলাতে হিমশিম খেয়েছেন তরুণ ব্যাটসম্যানরা।

জাওয়াদ আবরার ৯, রিফাত বেগ ১৪ আর অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন  ২০ রান। মিডল অর্ডারে টানা ৪ ব্যাটসম্যানর আউট হয়েছেন এক অংকের রানে। মাঝে সামিউন বাসিরের ৩৩ রানের সংগ্রামী ইনিংস, এরপর আবারো এক অংকের রানে ৩ জন, এই হচ্ছে স্কোরকার্ডের অবস্থা। ২৭ ওভারের ম্যাচে ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। পাকিস্তানের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আব্দুল সুবহান নিয়েছেন ২০ রানে ৪ উইকেট, ব্যাটিংটা যার মূল কাজ সেই হুজাইফা আহসানও মিডিয়াম পেস করে নিয়েছেন ২ উইকেট।

১২২ রান বাঁচাতে প্রথম ওভারের শেষ বলে হামজা জহুরকে আউট করে একটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন ইকবাল হোসেইন ইমন। ঐ অতটুকুই। সামির মিনহাস ৫৭ বলে ৬৯* রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন পার্থক্যটা কোথায়। ২৬ বলে ২৭ রান করে উসমান খান যখন আউট হলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তবে এর মধ্যেও ১৬ ওভারে ১০টা ওয়াইড মেনে নেয়াটা কঠিন। ২ ওভার বল করে সাদ ইসলাম একাই দিয়েছেন ৪টা ওয়াইড।

যুব ক্রিকেট প্রতিযোগিতাগুলো মূলত খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়ার অংশ, এখানে ট্রফি জিততে পারাটাই প্রধান উদ্দেশ্য নয়। এই যুব এশিয়া কাপ চোখে আঙ্গুল দিয়ে দেখাল, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার শেকড় জাতীয় দলের গন্ডি ছাড়িয়ে আরো কতটা গভীরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত