ফটিকছড়িতে অভিযান, আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৮ শতক জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ টিম পৌঁছানোর আগেই প্রায় ৮০ শতাংশ স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১টি দোকান করে বেদখল করেছিল। উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর নজরে এলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। সরকারি সম্পত্তি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।