নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই যুবক

সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৭ মে) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসের পেছনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার সোলায়মান হোসেন ও লিটন শেখ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃতরা শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতেন। বুধবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় কয়েকজন মাদকসেবী তাকে অপহরণ করে। এরপর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারের মন্দিরের পাশে এক বাড়িতে নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করেন। লিটনসহ অন্যরা তাকে এ কাজে সহায়তা করেন। এরপর কৌশলে শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে যায়। বিষয়টি তার পরিবারকে জানায়। সন্ধ্যায় তার মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। নির্যাতিত শিক্ষার্থী শারীরিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে ২২ ধারায় এ বিষয়ে জবানবন্দি দিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাদ্দাম হোসাইন জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষক সোলায়মান ও সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়। এরপর এদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।