যমুনার ভাঙ্গণে নিঃস্ব সেই রহিতন নেছার পাশে ইউএনও

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছার পাশে দাঁড়িয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন।

রহিতন নেছাকে ভাতাকার্ড, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব অসহায় রহিতন নেছা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন তার নিজ কার্যালয়ে তাকে ভাতাকার্ডের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন শতবর্ষী রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন শতবর্ষী রহিতন নেছাকে একটি ঘর প্রদানসহ অন্য সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী  রহিতন নেছার বসতঘর যমুনা নদীতে বিলীন হয়ে যায়। ফলে তিনি এক মেয়ে নিয়ে ভাঙ্গণকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন।

সম্প্রতি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণ এলাকা পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছার অবস্থা দেখে তাকে ভাতাকার্ডসহ সরকারি সহায়তার আশ্বাস দেন। সে অনুযায়ী তিনি তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ নির্দেশ পেয়ে শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে শতবর্ষী রহিতন নেছার ভাতাকার্ড করার প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার(২১ জুলাই) সে প্রক্রিয়া সম্পন্ন হয়। অপরদিকে শতবর্ষী রহিতন নেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

 এ খাদ্য সামগ্রী প্রদানকালে শতবর্ষী রহিতন নেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিনের জন্য দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত