পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের ফারুক মোল্লা, বাধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা ও রিজভী।
রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পূর্ব বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার রাতে পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।