সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল আল নাসরের সামনে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল প্রথমার্ধে দুই গোলে এগিয়েও ছিল। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে করিম বেনজেমার দল। ইত্তিহাদ ৩-২ গোলে হারিয়েছে নাসরকে।
অর্থাৎ রোনালদো হারলেন বেনজেমার কাছে। এক সময় রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন রোনালদো ও বেনজেমা। তবে এই দুজনই এখন খেলেন সৌদি লিগে। তাই প্রতিপক্ষ হিসেবেই দেখা হয় তাদের। রোনালদো এদিন না পারলেও বেনজেমা গোল করেছেন।
ঘরের মাঠে তৃতীয় মিনিটে সাদিও মানে গোল করেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইমান ইয়াহইয়া। গোল শোধের শুরুটা করেন বেনজেমা। ৪৯ মিনিটে গোল করেন তিনি। তিন মিনিট পর স্কোরলাইনে সমতা আনেন এন’গোলো কন্তে। নির্ধারিত সময় শেষ। চলছিল যোগকরা সময়ের খেলা। চতুর্থ মিনিটে হুসেম ওয়ার গোল করলে এগিয়ে যায় ইত্তিহাদ। ব্যবধান ধরে রেখে জয়ও পায় ক্লাবটি। সৌদি লিগে ৩০ রাউন্ড শেষে ৭১ পয়েন্টে শীর্ষেই রইল আল ইত্তিহাদ। সমান ম্যাচে ৬০ পয়েন্টে চারে আল নাসর। লিগের বাকি আর চার রাউন্ড।