তামিমরা সিরিজ জিতলেও হারলেন সুপ্তারা

শ্রীলঙ্কা সফরে ছয় ম্যাচের চারটিতেই দারুণ ফর্ম দেখিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা। সেই ধারাবাহিকতায় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে গতকাল ৯৪ রানের ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কিন্তু দুর্ভাগ্য ৪০তম ওভারের খেলা চলাকালীন সময়ে বৃষ্টি বাধায় থেমে যায় ম্যাচ। শেষমেশ হয় পণ্ড। তাতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিন কালাম সিদ্দিকী আলিন করেন ৩১ রান। আলিন ফিরলে ১০৮ রানের জুটি গড়েন তামিম ও রিজন হোসেন। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রানে আউট হন তামিম। রিজন অপরাজিত থাকেন ৪৮ রানে।

যুবারা সিরিজ জিতলেও চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের সঙ্গে সিরিজও হেরে বসেছেন নারী ইমার্জিং দল। উত্তেজনার ম্যাচে চার বল হাতে রেখে দুই উইকেটে স্বাগতিকদের হারায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। শারমিন সুলতানা সুপ্তার ৫৯ ও ফারজানা ইয়াসমিনের ৪৪ রানের পরও ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে গান্ডি জাফতার ৫২ ও এলিজ ম্যারি মার্ক্সের অপরাজিত ৩১ রানের সুবাদে লক্ষ্য ছোঁয় প্রোটিয়ারা।