গণমাধ্যম সম্পর্কে দলের অবস্থান তুলে ধরলেন এ্যানি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন গণমাধ্যম অফিস পরিদর্শন করছেন দলটির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দৈনিক দেশ রূপান্তর অফিস পরিদর্শনে এসেছিলেন তিনি। এ সময় এ্যানি দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজের কাছে গণমাধ্যম সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন।

এ্যানি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ৫ আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর গণমাধ্যম এখন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে। বিএনপি সবসময় চায় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুক। জনগণের পক্ষে থাকুক। প্রকৃত ঘটনা তুলে ধরুক।’ তিনি বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা বাকশালে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্বে এসে সংবাদমাধ্যমগুলো চালু করেন, স্বাধীনতা দেন। এ কথা নিঃসন্দেহে বলতে পারি, আমরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের চিফ রিপোর্টার রেজাউল করিম লাবলু ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।