মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ৫৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ মে) বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৫ জনকে এবং বৃহস্পতিবার (৮ মে) বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৪৪ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে নারী-শিশু, রোহিঙ্গা নাগরিক ও ভারতীয় এবং বাংলাদেশিরা রয়েছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করে বিজিবি।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক অনুপ্রবেশকারীর প্রবেশের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর।
পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার সকালে সংশ্লিষ্ট দুটি থানায় বিজিবি মোট ৫৯ জনকে হস্তান্তর করে। এদের মধ্যে অনেকে বাংলাদেশি থাকায় তাদের আত্মীয়স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। জেলার সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
সীমান্তরক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া দেশ রূপান্তরকে বলেন, সীমান্তে বিজিবির নজরদারি আগের চেয়ে জোরদার করা হয়েছে। কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।