বিএনপির অপেক্ষায় ঐক্যবদ্ধ শাহবাগ: সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকেই কর্মসূচি চলছে। শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

পরে বিকাল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ আসেন আন্দোলনকারীরা। সেখানে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ ছাত্র ও নাগরিকদেরও প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে যোগ দিতে দেখা যায়। এই কর্মসূচিতে বিএনপিকে যোগদানের আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা সারজিস আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

সারজিস আলম লিখেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়।

আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলে মনে করেন তিনি।