ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে: সারজিস

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ এএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার এই ঘটনার পর তিনি একে ‘ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনীর আক্রমণ’ হিসেবে অভিহিত করেন।

মঙ্গলবার রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আহত সাত-আটজন ভাইকে নিয়ে যখন সদর হাসপাতালের দিকে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছিল, তখন হাসপাতালের গেটে পুনরায় আক্রমণ করে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।’

সারজিস আরো বলেন, ‘হামলার সময় পুলিশ সামনে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং দাঁড়িয়ে থেকে নাটক দেখেছে।’

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় মঙ্গলবার বিকেলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী। মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত