ইউরোপাতে অল ইংলিশ ফাইনাল

ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে দুই দলেরই অবস্থা ভালো না। পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে ম্যানইউ আর ১৬তম স্থানে টটেনহ্যাম। সেই দুই দলই খেলবে এবারের ইউরোপা লিগ ফাইনালে। অল ইংলিশ ফাইনালে স্পেনের সান মামেস স্টেডিয়ামে ২১ মে মুখোমুখি হবে ম্যানইউ-টটেনহ্যাম।

ওল্ড ট্র্যাফের্ডে ম্যানইউ ৪-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। তাতে দুই লেগ মিলিয়ে ৭-১ এ জয় রেড ডেভিলদের। টটেনহ্যাম ২-০ ব্যবধানে জয় পেয়েছে গ্লিমটের মাঠে। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৫-১ ব্যবধানে।

গেল রবিবার ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলের পর ইউরোপাতে জোড়া গোল করলেন ম্যাসন মাউন্ট। একটি করে গোল করেছেন কাসেমিরো ও রাসমুস হইলুন্ড। আর টটেনহ্যামের হয়ে গোল দুটি করেন দমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো। ২০১৮-১৯ এর পর আবার ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনাল হচ্ছে।