গাজীপুরের শ্রীপুরে খেলার মাঠের কথা কাটাকাটির জেরে জয় হাসান (১৫) নামে এক স্কুলছাত্রকে অন্য এক সহপাঠী ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় পৌরশহরের লোহাগাছ গ্রামের ফালু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত জয় হাসান ওই গ্রামে বোরহান উদ্দীনের ছেলে। নিহত জয় হাসান শ্রীপুর টেক্সটাইল ভোকেশনাল স্কুলে দশম শ্রেণিতে পড়তেন। অপরদিকে অভিযুক্ত মোজাম্মেল হক (২০) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে ঘাতক মোজাম্মেল হক পলাতক আছে। এ ঘটনায় একজনকে পুলিশ আটক করলেও নাম পরিচয় নিশ্চিত করেনি।
স্বজনরা জানান, শুক্রবার বিকালে পাশের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় রাস্তার পাশে বসে জয় ও তার অন্য সহপাঠীরা আড্ডা দিচ্ছিল। এ সময় মাঠের ফুটবল খেলা নিয়েও কথা হচ্ছিল। এ সময় তাদের আরেক সহপাঠী মোজাম্মেল এসে তাদের সাথে মাঠের খেলা নিয়ে তর্কে জড়ান। এক সময় তাদের এক সহপাঠীকে মোজাম্মেল গালিগালাজ করে। এ নিয়ে জয় প্রতিবাদ করে আর মোজাম্মেলের সাথে তর্কে জড়ায়। পরে মোজাম্মল ক্ষীপ্ত হয়ে জয়কে খুন করার হুঁমকি দিয়ে চলে যায়। এর আধা ঘণ্টা পরেই মোজাম্মেল ও তার অন্য সহপাঠীরা এসে ছুরি মারে জয়কে। এ সময় জয় মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত কাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল করেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জয়ের বন্ধু সংগ্রাম হাসান বলেন, বিকালেও মোজাম্মেল ফুটবল মাঠে গিয়ে গালমন্দ করে এক বন্ধুকে। এ নিয়ে জয় তখন প্রতিবাদ করে। মোজাম্মেল অস্বাভাবিক আচরণ করছিল মাঠে। পরে খেলা বন্ধ করে তাকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে মোজাম্মেল সে সময় মাতলামিও করছিল। সে মাদক সেবন করতো। সে অন্য মাদকাসক্তদের সাথে চলাফেরা করতো। পরে মাঠের তর্কের জেরেই রাতে মোজাম্মেল আমাদের সহাপাঠি জয় হাসানকে ছুরি মারে। এরপর মোজাম্মেল পালিয়ে যায়। পরে ক্ষীপ্ত এলাকাবাসি খুনি মোজাম্মেলের বাড়িতে আগুন দেয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এক স্কুলছাত্র ছুরিকাঘাতে মারা গেছে। রাতে এমন খবর দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে মূল আসামি পালিয়ে গেছে। ক্ষুব্দ জনতা মূল আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।