মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর তেলবাহী খালি একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১০ মে) দুপুর দেড়টার সময় শ্রীমঙ্গল রেলস্টেশন এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘোরানোর সময় ইঞ্জিনবগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি বসতবাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেও একই জায়গায় ওয়াগনসহ ট্রেন লাইনচ্যুত হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, চালক রেললাইনের সিগনাল ফলো না করায় এই দুর্ঘটনা হয়। শুধু ইঞ্জিনবগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।