মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানমহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (২৬) শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী হিসেবে এজাহারে উল্লেখ করা হাবিবুর রহমান হাবিব এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে পাশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে লিখিত অভিযোগ করলে পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে এজাহালে উল্লেখ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।