তাপদাহ উপেক্ষা করে বিএনপির তারুণ্য সমাবেশে জনস্রোত

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কড়া রোদ উপেক্ষা করে তারুণ্যের সমাবেশে সমবেত হয়েছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। তীব্র গরম তাদের বাধা হয়ে দাঁড়ায়নি। 

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছেন।

মহাসমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এ ছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়েছে নানা প্রস্তুতি। থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম।