যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান একটিপূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
‘বিবেচনা বোধও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’
তবে ভারত বা পাকিস্তান কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রাতভর ড্রোন হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমানঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশ ভারতকে ‘সমুচিত’ জবাব দিয়েছে।
ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, তাদের পশ্চিম সীমান্তে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।
উভয় দেশই বলেছে, যদি অন্য পক্ষ প্রথমে পদক্ষেপ নেয় তাহলে তারা উত্তেজনা হ্রাস করার কথা বিবেচনা করতে প্রস্তুত আছে।
