সাগরে অবৈধ জাল ও মাছসহ ১১ নৌকা আটক নৌবাহিনীর

বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার কক্সবাজার এলাকায় টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ এই ১১টি মাছ ধরার নৌকা আটক করে।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই নৌকাগুলোতে তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল, ১ হাজার ২০০ মিটার অন্যান্য জাল ও ২ হাজার কেজি মাছ জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকার বেশি। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। পরে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের কোস্ট গার্ড স্টেশন, মহেশখালীর কাছে হস্তান্তর করা হয়।

ইতিমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের মতো এ বছরও নৌযান কর্তৃক সব ধরনের মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধ করতে সরকারের নির্দেশনা মোতাবেক নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়োজিত রয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।