শেষ ‘এল ক্লাসিকো’য় শিরোপার সমীকরণ!

ক’দিন আগেও কেউ ভাবেনি, মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’ ম্যাচে এসে লা লিগার শিরোপা ভাগ্য নির্ধারিত হবে। যেখানে মৌসুম শুরু হয়েছিল বার্সেলোনার দাপট দিয়ে, সেখানেই শেষ ক্লাসিকো এসে এনে দিয়েছে রোমাঞ্চকর সমতা।

আগের তিন ক্লাসিকোতে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য দেখে রিয়ালের সমর্থকরাও হয়তো ভাবছিলেন—এই মৌসুমটা ভুলে যাওয়াই ভালো। সুপার কাপ ও কোপা দেল রে’র ফাইনাল—দুটিতেই হেরে যাওয়া, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে!

কিন্তু ফুটবল, সব সময়ই চমকের খেলা। এবং সময়ের সাথে সাথে বদলে যেতে পারে সব সমীকরণ।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে হেরে ট্রেবল জয়ের স্বপ্নটা বিসর্জন দিতে হয়েছে বার্সাকে। সঙ্গে হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাসের বড় অংশটুকুও। উল্টো সেই ধাক্কাই যেন রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে এনেছে লড়াইয়ে। মৌসুমের শেষদিকে এসে হঠাৎ করেই ‘আশার আলো’ দেখতে পাচ্ছে মাদ্রিদিস্তারা।

এখন আর কোনো হিসাবের প্রয়োজন নেই—আজ রাতে বার্সাকে হারাতে পারলেই ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টে। যেখানে এখন ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, আর রিয়ালের ঝুলিতে ৭৫।

এই ম্যাচে রিয়ালের জয় মানেই শিরোপা লড়াইয়ে ফেরার এক মোক্ষম সুযোগ, আর বার্সার জন্য জয়ের মানে আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করা।

বার্সার ড্রেসিংরুমে আত্মবিশ্বাসের কমতি এতটাই, চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে ইয়ামাল লিখেছিলেন, “রবিবার আমাদের আরেকটি ফাইনাল আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” পয়েন্ট টেবিলে এগিয়ে থেকেও দলের অন্যতম সেরা তরুণ তারকার এমন বার্তা বলে দেয় মানসিক অবস্থা কেমন।

একদিকে রিয়ালের তারকারা চান কিংবদন্তি কোচ আনচেলত্তির বিদায়টা স্মরণীয় করে রাখতে। অন্যদিকে বার্সার জন্য মৌসুমটা ডাবল দিয়ে শেষ করার লড়াই।

শেষ এল ক্লাসিকোটা তাই কেবল মর্যাদার লড়াই নয়, মৌসুম বাঁচানোর লড়াইও!