ভুটান লিগের প্রথম দিনই আলো ছড়ালেন শাসুন্নাহার-মারিয়ারা

আপডেট : ১০ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

অনেক প্রতীক্ষার পর অবশেষে গড়াল ভুটানের মেয়েদের লিগ। আর সেই লিগের প্রথম দিনেই যেন আলো ঝলমলে এক সূচনা লিখে দিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে থিম্পু সিটির হয়ে মাঠ কাঁপালেন বাংলাদেশের তিন তারকা—শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা ও সানজিদা আক্তার।

প্রথম ম্যাচেই নিজেদের দক্ষতার প্রমাণ দিলেন তারা। থিম্পু সিটি ৪-২ গোলে হারাল উজেন একাডেমিকে। পুরো ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের প্রভাব ছিল চোখে পড়ার মতো।

খেলার ২৯তম মিনিটে শামসুন্নাহারের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে থিম্পু সিটিকে এগিয়ে দেন সোনালি। কয়েক মিনিট পর আবারও শামসুন্নাহারের নিখুঁত পাসেই সোনালির দ্বিতীয় গোল। প্লেমেকারের ভূমিকায় অবিশ্বাস্য নৈপুণ্য দেখান শামসুন্নাহার।

শামসুন্নাহার, মারিয়া মান্দা

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সাফজয়ী মিডফিল্ডার মারিয়া মান্দা দেখান তার গোল করার ক্ষমতা। ৫৩তম মিনিটে শামসুন্নাহারের কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হন উজেন গোলকিপার, সুযোগটি কাজে লাগিয়ে হেডে বল জালে পাঠান মারিয়া।

বাংলাদেশের আরেক তারকা সানজিদা আক্তারও ছিলেন শুরু থেকেই একাদশে। যদিও স্কোরশিটে নাম লেখাতে পারেননি, কিন্তু তার উইং থেকে দারুণ সব মুভমেন্ট ও পাস খেলার গতি বাড়ায়।

ভুটানের এই লিগে এবার অংশ নিচ্ছেন বাংলাদেশের মোট ১০ জন নারী ফুটবলার। লিগ মাঠে গড়ানোর প্রথম দিনেই তাদের প্রতিনিধিত্ব ছিল যেমন বিস্তৃত, তেমনি ছিল প্রভাবশালী।

থিম্পু সিটি ক্লাবে তিন বাংলাদেশি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত