আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না। বরং এই চেতনা বুকে ধারণ করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘ছাত্র ও জনতার ঐতিহাসিক বিপ্লবের অর্জন যেন দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হয়, সে জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার মধ্যরাতে রাজধানীর মগবাজার চৌরাস্তায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সভাটি পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দক্ষিণ মহানগরের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, দক্ষিণ মহানগরের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন ও ড. আব্দুল মান্নান এবং উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের প্রাণের দাবির একটি অংশ বাস্তবায়িত হয়েছে। তবে পূর্ণ ঘোষণা বা ‘‘জুলাই প্রোক্লেমেশন’’ এখনো আসেনি।’

তিনি বলেন, ‘আমরা শহীদ পরিবারগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তারা কারও কাছ থেকে আর্থিক সহায়তা চান না, তারা শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।’

তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। এখন সময় এসেছে বিপ্লবী সরকারের কাছে জনতার প্রত্যাশা বাস্তবায়নের। সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘জনগণ দেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ চায় না। তারা শান্তি, বৈষম্যহীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা চায়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই সরকার জনগণের আন্দোলনের ফসল। তাই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ভয়ভীতি উপেক্ষা করে, নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খুনীদের বিচারে শূন্য সহনশীলতা দেখাতে হবে। জনগণ দ্রুততম সময়ে খুনীদের শাস্তি দেখতে চায়। আবেগ-অনুভূতির ঊর্ধ্বে উঠে সরকারকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানাই। জনগণ আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বাংলা মোটরে জামায়াতের মিছিল

আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়।

বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করা মিছিলে অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ফখরুদ্দিন মানিক, ইয়াছিন আরাফাত এবং প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

মিছিলটি শেরাটন মোড়ে এসে রাস্তার ওপর বসে পড়ে। সেখানেই বক্তব্য দেন মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।