বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজনে তারেক রহমানের ডাকে ঢাকায় যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে গণঅভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
আজ রবিবার বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাটের বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রিন্স বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে শুধু বিলম্বিতই নয়, অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে। একটির পর একটি অবাস্তব, অপ্রয়োজনীয়, অযৌক্তিক জনসম্পৃক্তহীন বিষয় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনকে ব্যতিব্যস্ত রেখে মূল লক্ষ আড়াল করার চেষ্টা হচ্ছে।
ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কার্যক্রম নিষিদ্ধ ও আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং ১০ ফেব্রুয়ারি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরু করার তাগিদ দিয়েছিল। বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না।
তিনি বলেন, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি অনেক আগেই সেই আইনগত প্রক্রিয়ার কথা বলে আসছে। দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, রমজান আলী, হাফিজ উদ্দিন, আবদুল মান্নান মাস্টার, দুলাল সরকার, নবী হোসেন মেম্বার প্রমুখ বক্তব্য রাখেন।