মেজর লিগ সকারে ওয়েস্টার্ন কনফারেন্সের দল মিনেসোটা ইউনাইটেড এফসির বিপক্ষে গোল করলেন লিওনেল মেসি। তবে ম্যাচের ফলাফলের দিকে তাকালে বোঝা যাবে এই গোল মায়ামির জন্য শুধুই সান্ত¡নার। মিনেসোটা ৪-১ গোলে হারিয়েছে মায়ামিকে। এই হারের পর ১১ ম্যাচে ২১ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে চারে নেমে গেল মায়ামি।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি মায়ামির চতুর্থ হার। এই পাঁচ ম্যাচে মায়ামি হজম করেছে ১৪টি গোল। ব্যক্তিগত কারণে এই ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেজ। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকান ফরোয়ার্ড বনগোকুহলে এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচ গোল করেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এক গোল শোধ দেন মেসি। মাঠের বাঁ-প্রান্ত থেকে জর্ডি আলবার পাস পেয়ে দুর্দান্ত টাচে বল কন্ট্রোল করে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এলএমটেন। টানা দুই লিগ ম্যাচে গোল পেলেন মেসি। এই মৌসুমে লিগে এটি তার পঞ্চম গোল। ক্যারিয়ারের মেসির গোল হলো ৮৬০টি। তবে ৬৮ মিনিটে মায়ামি ফের পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। আর্জেন্টাইন রাইট ব্যাক মার্সেলো উইগান্ড কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান। ৭০ মিনিটে ব্যবধান আরও বাড়ান রবিন লোড।
ম্যাচ শেষে হতাশ মাশচেরানো বলেন, ‘খুবই কঠিন পরাজয়। আমরা জানতাম মিনেসোটা কীভাবে আঘাত করতে পারে, সব জায়গা থেকেই এর জন্য আমরা প্রস্তুতও ছিলাম। সেটাই সবচেয়ে বেশি হতাশার। যদি খেলোয়াড়রা তাদের সেরা খেলাটা দিতে না পারে, তার দায় কোচের। পুরো দায় আমার।’
ওয়েস্টার্ন কনফারেন্সে মিনেসোটা ১২ ম্যাচে ২২ পয়েন্টে দুইয়ে উঠেছে। মিনেসোটার বিপক্ষে এর আগে একবারই খেলেছিল মায়ামি। ২০২২ সালের জুনে হওয়া সেই ম্যাচে মায়ামি জিতেছিল ২-১ গোলে।