সেরা পাঁচে থাকার অঙ্ক জমিয়ে তুলল নিউক্যাসল

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পথে চেলসির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। রবিবার সেন্ট জেমস পার্কে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে এডি হাওয়ের দল। এ জয়ের ফলে শেষ ৯টি লিগ ম্যাচের মধ্যে এটি তাদের সপ্তম জয়। এতে ৬৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল।

নিউক্যাসল ম্যাচে দুর্দান্ত শুরু করেছিল। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় নিউক্যাসলকে এগিয়ে দেন স্যানড্রো টোনালি। ডান প্রান্ত থেকে জ্যাকব মারফির নিচু ক্রস থেকে কাছের পোস্টে জাল খুঁজে নেন টোনালি। এগিয়ে গিয়ে একের পর এক আক্রমণে চেলসিকে চাপে রাখে নিউক্যাসল। ৩৫ মিনিটে বটম্যানকে কনুইয়ের আঘাতের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। প্রথমে হলুদ কার্ড পেলেও ভিএআরের সাহায্যে সেটি লাল কার্ডে বদলে যায়। চেলসি পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে রিস জেমস নেমেও লাভ হয়নি। নিউক্যাসলের গোলরক্ষক নিক পোপ বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। যোগ করা সময়ে ব্রুনো গুইমারায়েস গোল করে নিউক্যাসলের জয় নিশ্চিত করেন। ড্যান বার্নের পাস থেকে গুইমারায়েসের শট চেলসির রক্ষণের গায়ে লেগে গোলরক্ষক রবার্ট সানচেজকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।

সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগ করে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট এবং পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা চেলসি ও অ্যাস্টন ভিলার চেয়ে এখন তিন পয়েন্টে এগিয়ে আছে এডি হাওয়ের দল। নিউক্যাসলের শেষ দুটি ম্যাচ আগামী সপ্তাহে আর্সেনালের মাঠে এবং এরপর নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে। টেবিলের দুইয়ে উঠে আসার সম্ভাবনাও রয়েছে ক্লাবটির। লিভারপুলের বিপক্ষে আর্সেনাল হেরে গেলে আর নিউক্যাসল আর্সেনালকে হারিয়ে দিলেই সম্ভব হবে তা।

এ হারের ফলে ইউরোপের শীর্ষ লিগে ফেরার পথে বড়সড় ধাক্কা খেলো টানা সাত ম্যাচ অপরাজিত থাকা চেলসি।  নিজেদের ম্যাচে লেস্টার সিটির সঙ্গে  নটিংহাম ফরেস্ট ২-২ গোলে ড্র করায় এখনো সেরা পাঁচে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ব্লুজরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে এবং নটিংহাম ফরেস্টের মাঠে বাকি থাকা দুটি ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবার অবকাশ নেই এনজো মারেসকার দলটির।

এবার ইপিএল থেকে পাঁচটি দল জায়গা পাবে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনাল হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহ্যামও জায়গা করে নেবে ষষ্ঠ দল হিসেবে।

গতকাল আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। এখন তিনে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৬৬। চারে থাকা ম্যানসিটির ঝুলিতে রয়েছে ৬৫ পয়েন্ট। তাদের পরের দুই ম্যাচ বোর্নমাউথ ও ফুলহ্যামের বিপক্ষে। সমান ৬৩ পয়েন্ট নিয়ে চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ছয়ে থাকা অ্যাস্টন ভিলা। নিজেদের শেষ দুই ম্যাচে টটেনহ্যাম ও ম্যানইউর বিপক্ষে লড়তে হবে মার্তিনেজদের। পয়েন্ট টেবিলের যখন এমন দশা তখন সেরা পাঁচ বাছাই করতে ২৫ মে পর্যন্ত অপেক্ষা না করে আর উপায় নেই ভক্তদের।