লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল মূল ফুটবলে হয়তো এখন খুঁজছে হারানো ঐতিহ্য, তবে বিচ ফুটবলে সেই আলো ঝলমলে অতীত আজও বহমান। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের ১৩তম আসরে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
রবিবার (১১ মে) ফাইনালে টানটান উত্তেজনায় ঠাসা এক লড়াইয়ে ব্রাজিল ৪-৩ গোলে হারায় বেলারুশকে। এ জয়ের মাধ্যমে সপ্তমবারের মতো বিচ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতলো পাঁচবারের মূল বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম রাউন্ডে সালভাদোর, ইতালি ও ওমানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ ১১ গোলের ঝড় তোলে সেলেসাও। কোয়ার্টারে স্পেনকে বিধ্বস্ত করে ৬-০ ব্যবধানে। আর সেমিফাইনালে শক্তিশালী পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে পা রাখে ফাইনালে।
সেশেলসের বালুকাবেলায় যেন রঙ ছড়িয়েছে ব্রাজিলিয়ান ফুটবলশিল্প। মূল মাঠে যখন ছন্দপতন, তখন বালির মঞ্চে বা ফুটসালে নজরকাড়া নৈপুণ্যে ভরসা দিচ্ছে ব্রাজিল। উল্লেখ্য, ফুটবলের আরেক সংস্করণ ফুটসালের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও ব্রাজিল।
তবে শুধু বিকল্প সংস্করণে নয়, মূল দলের দিকেও নজর দিচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে তারা। নেইমার-রাফিনহাদের নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে চূড়ান্ত করার দৌড়ে এগিয়ে রেখেছে তারা।
এই সাফল্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো—ফুটবল ব্রাজিলের শিরায় শিরায়। মাঠ যাই হোক না কেন, তারা জানে কীভাবে জিতে ফিরতে হয়।