এল ক্লাসিকোতে গোল করে রোনালদো ও এমবাপ্পেকে বিদ্রুপ ইয়ামালের

আপডেট : ১২ মে ২০২৫, ১১:০০ এএম

লা লিগার ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি এল ক্লাসিকোতেই জিতে নিখুঁত শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বার্সেলোনা। মৌসুমের শেষ ক্লাসিকোটি রোববার মাঠে গড়ায়, যেখানে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেও রিয়ালকে রক্ষা করতে পারেননি। বার্সা ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয়, আর আলোচনার কেন্দ্রে উঠে আসেন তরুণ লামিন ইয়ামাল—তার গোলের পর করা উদযাপনের কারণে।

ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। গোল উদযাপনে তিনি প্রথমে করেন ‘কালমা’ ভঙ্গিটি—যা একসময় রিয়াল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর চিহ্ন হয়ে উঠেছিল। এরপর তিনি কপি করেন এমবাপ্পের নিজস্ব উদযাপন স্টাইলও। ফুটবল বিশ্বে এই দুই উদযাপনই আলাদা করে পরিচিত, এবং ইয়ামালের এমন কৌশলী ভঙ্গি অনেকেই দেখছেন প্রতিপক্ষের দুই তারকাকে বিদ্রুপ হিসেবে।

রোনালদোর উদযাপন কপি করাটা যেমন তার ইতিহাসের প্রেক্ষাপটে স্পর্শকাতর, তেমনি এমবাপ্পেও রোনালদোকে আইডল হিসেবে মানেন—তাতে ইয়ামালের ভঙ্গি যেন দ্বিগুণ অর্থ বহন করছে।

এদিকে বার্সা কোচ হানসি ফ্লিক গোলখরার দিকটিকে স্বীকার করলেও দলের আক্রমণভাগে সন্তুষ্ট।

'প্রতিপক্ষের জালে আমরা চার ম্যাচে ১৬ বার বল জড়িয়েছি। এটা অনেক বড় অর্জন,' বলেন ফ্লিক।

'আমরা জানি আমাদের রক্ষণে কাজ করতে হবে। এমবাপ্পে ও ভিনিসিয়ুস আজ কয়েকবার আমাদের লাইন ভেঙেছে। তবে এটা রক্ষণভাগের নয়, বরং পদ্ধতিগত ভুল।'

'আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু যাত্রাটা এখনো শেষ হয়নি। রক্ষণে উন্নয়ন দরকার। তবে এই দলটা খুবই প্রতিযোগিতামূলক, এবং আমি তাদের নিয়ে গর্বিত,' যোগ করেন তিনি।

বার্সা যদি বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতে, অথবা এর আগে রিয়াল মায়োর্কার বিপক্ষে রিয়াল হেরে যায়, তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত