ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সাধারণ জনগণ। সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার একটি বন্ধ জাহাজ কারখানার ভেতর দিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করে।
রোহিঙ্গারা জানান, ভাসানচর থেকে ৩টি ট্রলারে করে পালানোর চেষ্টা করে নারী-শিশুসহ শতাধিক রোহিঙ্গা। তাদের গন্তব্য ছিল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প। তবে ৩টি ট্রলারের মধ্যে দুটি ট্রলার টেকনাফের দিকে চলে গেলেও একটি ট্রলার নষ্ট হয়ে গেছে বলে তাদের জোর করে সীতাকুণ্ডের ভাটিয়ারীর সাগর উপকূলে নামিয়ে দেয়।
কয়েকজন রোহিঙ্গা বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তাতে তাদের সংকুলান হচ্ছে না। এ কারণে আমরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পালানোর চেষ্টা করি। প্রয়োজনে মেরে ফেলেন তবুও আমরা ভাসানচর আর ফিরে যাব না। আমাদেরকে ভাসানচর পাঠালে আমরা আবারও টেকনাফ ক্যাম্পে পালিয়ে যাব।
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা তাদের আটক করে আমাকে খবর দেয়। আমি তাদের খাওয়া-দাওয়া করাই। পরে থানায় খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, আটক ৪৫ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একটি বড় বাসে করে পুলিশের একটি টিমসহ তাদের পৌঁছে দেবে।