লা লিগার ৩৫তম রাউন্ডে ঘরের মাঠে এল ক্লাসিকোতে বার্সেলোনা প্রথমে দুই গোল হজমের পর চার গোল দিয়ে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। মৌসুমে চতুর্থবার রিয়ালকে হারানোয় লিগে ৭ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষের বার্সেলোনা। শিরোপা নিশ্চিতে শেষ তিন ম্যাচ থেকে স্রেফ ২ পয়েন্ট দরকার কাতালানদের। এমনকি বৃহস্পতিবার ৩৬তম রাউন্ডে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে হান্সি ফ্লিকের দল, যদি আগের দিন রিয়াল মায়োর্কার কাছে হেরে যায়। তবুও নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না ফ্লিক।
কোপা দেল রে জয়ের পর আরেকটি শিরোপার সুবাস পেয়ে দারুণ রোমাঞ্চিত ফ্লিক। তবে তিনি বলেছেন, ‘এখনো নিজেদের চ্যাম্পিয়ন মনে করছি না আমি এবং আমার বিশ্বাস, ফুটবলাররা ও গোটা দলও এভাবেই ভাবছে। লা লিগা ও কোপা দেল রের ডাবল জিততে পারা দারুণ এবং হ্যাঁ, আর একটি জয় পেলেই কাজ হয়ে যাবে। তারপরও এটা ফুটবল, নিশ্চিত বলে কিছু নেই। তিনটি ম্যাচ আছে সামনে এবং সব প্রতিপক্ষই আমাদের হারাতে চায়। কাজেই মনোযোগ ধরে রাখতে হবে আমাদের।’
রিয়ালের বিপক্ষে ১৫ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই চার গোল করে জবাব দেয় বার্সেলোনা। পরে আরেকটি গোল হজম করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-৩ ব্যবধানে। বার্সার চার গোলের দুটি করেন রাফিনহা, একটি এরিক গার্সিয়া অন্যটি আসে ইয়ামালের পা থেকে। আর রিয়ালের তিন গোলই করেন কিলিয়ান এমবাপ্পে। দলের এমন হার না মানা মানসিকতা দারুণ তৃপ্তি দিচ্ছে বার্সা কোচকে। ‘২-০ তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। তবে এই দলের মানসিকতা অবিশ্বাস্য। যেভাবে তারা ফিরে আসে, বিরামহীম আক্রমণ চালিয়ে যেতে চায়, মাঠে ওদের দেখাটাই দারুণ ব্যাপার।’ এই মৌসুমে এখন পর্যন্ত সাতবার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল বার্সেলোনা।
সিরি আ-য় নাপোলি না ইন্তার
ইতালিয়ান লিগের ৩৬ রাউন্ড শেষ হয়েছে। দুই রাউন্ড বাকি থাকতেও নিশ্চিত বলা যাচ্ছে শিরোপা জিতবে কোন দল। গত রবিবার নিজেদের ম্যাচে জিতেছে ইন্তার মিলান। তবে নাপোলি তাদের ম্যাচ ড্র করে। তাতে জমে উঠেছে শিরোপার লড়াই। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৭৮, ইন্তারের ৭৭।
ইন্তার মিলান বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। পিএসজির বিপক্ষে ইন্তার ফাইনালে খেলবে আগামী ৩১ মে। তার আগে লিগ নিয়ে ভাবলেই চলবে ইন্তারের। নাপোলির স্কটিশ মিডফিল্ডার ম্যাকটোমিনা বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে এটা ঘাবড়ে যাওয়ার সময় নয়।’ পরের রাউন্ডে নাপোলি খেলবে পার্মার মাঠে। তারপর ঘরের মাঠে মুখোমুখি হবে ক্যালিয়ারির। ইন্তারের পরের ম্যাচ নিজেদের মাঠে লাৎসিওর বিপক্ষে। আর শেষ রাউন্ডে তারা খেলতে যাবে কোমোর মাঠে।
শেষ দুই রাউন্ডের পর যদি নাপোলি ও ইন্তার মিলানের পয়েন্ট সমান হয় তখন কোন দল জিতবে লিগ শিরোপা? ইতালিয়ান লিগে পয়েন্ট সমান হলে আগে দেখা হতো মুখোমুখি লড়াইয়ের হিসাব। ২০২২-২৩ মৌসুম থেকে ইতালিয়ান লিগে শিরোপা নির্ধারণী বা রেলিগেশনের বেলায় পয়েন্ট সমান হলে প্লে-অফের মাধ্যমে শিরোপা নির্ধারণ বা রেলিগেশনের নিয়ম করা হয়। ফলে এবার ইন্তার ও নাপোলির পয়েন্ট সমান হলে প্লে-অফে নির্ধারিত হবে শিরোপা কার। সে ক্ষেত্রে যে দলের গোল বেশি তাদের মাঠে আয়োজিত হবে প্লে-অফ, যেহেতু মুখোমুখি লড়াইয়েও তাদের ফলাফল সমান। প্লে-অফের এই নিয়ম ২০২২-২৩ থেকে চালু হলেও শেষ দুই মৌসুমে শিরোপা নির্ধারণে এর প্রয়োজন পড়েনি। তবে আগেও প্লে-অফের নিয়ম ছিল ইতালিয়ান লিগে। তবে এর আগে একবারই এই নিয়মে শিরোপা নিষ্পত্তি হয়েছিল। সেবার বোলোনা ও ইন্তারের পয়েন্ট সমান ছিল। পরে প্লে-অফে বোলোনা ২-০ গোলে জিতেছিল। যদি প্লে-অফ খেলা হয় এবং সেই ম্যাচেও নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল একই থাকে তবে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।