বেনজীরের স্ত্রীর দুবাইয়ের দুটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার দুবাইয়ের দুটি ফ্ল্যাট ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুদকের উপপরিচালক জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

আদালত থেকে জীশান মির্জার নামে থাকা যে দুটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়, তার একটি হচ্ছে বুর্জ খলিফায়, যেটির মূল্য ৫৫ লাখ দিরহাম। আরেকটি হচ্ছে আল ওয়াসীতে, যেটির দাম ৪৯ লাখ ৭৯ হাজার ৮৫৪ দিরহাম। এ ছাড়া তার দুটি ব্যাংক হিসাবে ১ লাখ ৬২ হাজার দিরহাম আছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধভাবে অর্জিত বিদেশে অর্থ পাচার করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জীশান মির্জার স্থাবর সম্পত্তির হস্তান্তর বা হস্তান্তর বন্ধ করার জন্য তার নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। গত বছরের ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।