চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আম পাড়তে গাছে উঠে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরবান আলী ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আম পাড়ার উদ্দেশ্যে কুরবান আলী গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।’