রাজধানীর গুলশান লেকপাড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে শরিফুল আলম করিম (৩৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর সোয়া ২টার দিকে গুলশান-১ লেকপারে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
আহত শরিফুল আলম করিম জানান, তার বাসা দক্ষিণখান গাওয়াইল এলাকায়। মহাখালী এলাকায় তার নার্সারী ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যচ্ছিলেন। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক তাকে ডাক দিয়ে বলে, এদিকে আসেন, কথা আছে। তবে তিনি না যেতে চাইলে জোর করে ধরে নিয়ে যায়। তখন তাদের সাথে কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে করিমের পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায় তারা।
তিনি আরও জানান, গত একমাস আগে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী মোবাইলে তার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। তার ধারণা, চাঁদা না দেয়ায় ওই সন্ত্রাসীর লোকজন তাকে গুলি করেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, করিম নামে ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলির চিহ্ন আছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।