কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাট আটক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) রাতে দাউদকান্দির গৌরীপুর এলাকার ভুলিরপার থেকে তাকে আটক করা হয়েছে। আটক মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আব্দুল কাদের নামে আরকজনকে আটক করা হয়েছে। 

আটক মামুন কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপরজন আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

‎পুলিশ সূত্রে জানা যায়, মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। তার নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাং গ্রুপ প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আটকের পর মামুন সম্রাট ও তার সহযোগীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে ২২টি মামলা চলমান। আগেও বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।