চরমোনাই পীর

‘জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই পরাজিত হয়েছে’ 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, যখন লোগো থেকে তারা ইসলামকে উঠিয়ে ফেলেছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নেই। অন্যান্য ইসলামী দল যারা তাদের সঙ্গে সম্পৃক্ত, তারাও এখন ইসলামী হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতা হারিয়েছে।

বুধবার (২২ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সম্মেলনে বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের পেছনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার ছাপ আছে। এরপরও বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে, এটা আমাদের সামনে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে।

জামায়াতের নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াত পরিষ্কার বলেছিল তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না বরং প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও আব্দুল করীমসহ দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত