দেশের ক্রিকেটাঙ্গনকে চমকে দিয়ে বিকেলের দিকে এলো অবাক করা খবর। এক সপ্তাহ স্থগিতের পর দ্বিতীয় দফায় শুরু হতে যাওয়া আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় রেকর্ড ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর পর এখন পর্যন্ত মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে বিসিবির কারো কাছ থেকে কোনো ইতিবাচক খবর পাওয়া না গেলেও পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সন্ধ্যায় আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান।
আইপিএলে মোস্তাফিজ খেলবেন কি না এ নিয়ে রয়েছে বিস্তর সংশয়। আরব আমিরাত সফরে বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ দুটো ১৭ ও ১৯ মে। স্থগিত থাকার পর পুনরায় আইপিএল শুরু হবে ১৭ মে থেকে। মোস্তাফিজকে দলে ভেড়ানো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি রয়েছে এখনো তিনটি। যার প্রথমটি ১৮ মে ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিপক্ষে। বাংলাদেশের হয়ে আমিরাতে সিরিজে খেললে এই ম্যাচটিতে মোস্তাফিজকে পাবে না দিল্লি। তাদের পরের ম্যাচ দুটো মুম্বাইতে ২১ মে মুম্বাই ইন্ডিয়ানস এবং ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আমিরাত সিরিজ শেষ করে ভারতে গেলে পরের দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে মোস্তাফিজের সামনে।
কিন্তু বাইরের দেশে খেলতে গেলে নিজের বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হয় কোনো ক্রিকেটারকে। প্রক্রিয়া অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিবির কাছে একটি আবেদন আসার কথা। অবশ্য বিকেল পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’ বিসিবি সিইওর বক্তব্য অনুযায়ীই সন্ধ্যায় আমিরাতের বিমানে চড়েন মোস্তাফিজ।
কিন্তু বাইরের দেশে খেলতে গেলে নিজের বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হয় কোনো ক্রিকেটারকে। প্রক্রিয়া অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিবির কাছে একটি আবেদন আসার কথা। অবশ্য গতকাল বিকেল পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’ বিসিবি সিইওর বক্তব্য অনুযায়ীই সন্ধ্যায় আমিরাতের বিমানে চড়েন মোস্তাফিজ।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান এখন পাঁচে। প্লে অফ খেলার জোরালো সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে দলটি। এরই মাঝে ব্যক্তিগত কারণে ম্যাগার্ক নাম প্রত্যাহার করে নিলে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। এর আগে ২০১৮ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসে সর্বোচ্চ ২.২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন কাটার মাস্টার। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার ঘটনা। যদিও আইপিএলের পারিশ্রমিক ম্যাচ অনুযায়ী বন্টিত হওয়ায় এ অঙ্কের পুরোটা কোনোভাবেই পাবেন না মোস্তাফিজ। আইপিএলের গত মৌসুমে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এ মৌসুমের আগে হওয়া মেগা নিলামে কোনো দল পাননি তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেন মোস্তাফিজ। সে বছর ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ওই দুই মৌসুমে ১০ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। এ পর্যন্ত ৫৭ আইপিএল ম্যাচ খেলে নামের পাশে ৬১ উইকেট রয়েছে তার। শেষ পর্যন্ত মোস্তাফিজ যদি আইপিএল খেলতে যান তাহলে দিল্লির পেস বোলিং ইউনিটে মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নটরঞ্জন, মোহিত শর্মা, দুশমন্থ চামিরা, দর্শন নালকান্দেদের পাশে পাবেন মোস্তাফিজ।