সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর উদ্যোগ প্রধান বিচারপতির

দেশের ৬৪ জেলা ও ৮টি মহানগর এলাকায় আদালতগুলোতে বিচারপ্রার্থীদের জন্য হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৪ মে) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে এ বিষয়টি উল্লেখ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আয়োজনে ‘ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা’- শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, সহকারী অ্যাটর্নি জেনারেল এ এম জামিউল হক ফয়সাল প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে দেশের সকল অধস্তন  আদালত/ ট্রাইব্যুনালের সঙ্গে সকল নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণের উদ্দেশ্যে হেল্পলাইন চালুর উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/ বিভাগীয় বিশেষ জজ আদালতগুলোকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভূক্ত করা হবে। প্রসঙ্গত এ সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সুপ্রিম কোর্ট থেকে গত ১৩ মে একটি বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে। এতে জেলা পর্যায়ে হেল্পলাইন সার্ভিস চালু করতে প্রতি জেলায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে মর্মে উল্লেখ রয়েছে। তিন সদস্যের কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে প্রদত্ত সেবার মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা জজশীপের জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাবেন। উল্লেখ্য বিচারপ্রার্থী সেবাগ্রহীতাকে সহায়তা করার নিমিত্তে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে দুটি হেল্পলাইন চালু রয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থী আদালত সংক্রান্ত অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন।