মৌলভীবাজারে ফের ৪৪ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে ফের নারী ও শিশুসহ ৪৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে ৫২-বিজিবি। 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে তারা জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফ তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। সীমান্তের ওপারে এখনও আরও কিছু বাংলাদেশিকে আটকে রেখেছে বিএসএফ। তাদেরও পুশইনের প্রক্রিয়া চলছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ভোরে স্থানীয়রা বিএসএফের মাধ্যমে নতুন করে ৪৪ জনকে পাঠানোর খবর দেন। বিজিবি দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে চলতি মাসের ৬ ও ৭ তারিখে একইভাবে শতাধিক বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। ওই সময় বিজিবি ৫৯ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও ফের একই কৌশলে পুশইনের ঘটনা ঘটল।