বাংলাদেশে আধুনিক চিকিৎসা সম্ভাবনা ও সমস্যা

বাংলাদেশের স্বাস্থ্য খাত একবিংশ শতাব্দীতে এসে এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তির প্রসার, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের সক্রিয়তা এবং সরকারের বিভিন্ন স্বাস্থ্য নীতিমালার ফলে আধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আর কল্পনার বিষয় নয়। তবে উন্নয়নের পাশাপাশি রয়েছে কিছু মৌলিক সীমাবদ্ধতা, অব্যবস্থাপনা ও বৈষম্য- যা আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছে।

আধুনিক চিকিৎসার অগ্রগতি ও সম্ভাবনা

১. প্রযুক্তিনির্ভর চিকিৎসা : বাংলাদেশে এখন অনেক হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি, ল্যাপারোস্কপিক সার্জারি এবং ক্যানসার নির্ণয়ে পিইটি স্ক্যানের মতো উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে, যা চিকিৎসার মান বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

২. টেলিমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্যসেবা : বিশেষ করে করোনাকালে টেলিমেডিসিনের ব্যাপক প্রসার ঘটেছে। ‘সেবা’, ‘ডকটোরোলা’, ‘পাঠাও হেলথ’, ‘বিডি ডক্টরস’-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে। এতে করে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।

৩. বেসরকারি খাতের প্রসার : ইউনাইটেড হাসপাতাল, এভারকেয়ার, স্কয়ার হাসপাতালসহ দেশের বিভিন্ন প্রান্তে বেসরকারি মালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিক আধুনিক চিকিৎসা সুবিধা দিচ্ছে। বিদেশে না গিয়েও অনেক জটিল অপারেশন ও চিকিৎসা এখন দেশের মধ্যেই সম্পন্ন হচ্ছে।

৪. চিকিৎসা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন : বর্তমানে বাংলাদেশে প্রায় ১১০টিরও বেশি মেডিকেল কলেজ রয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রতিবছর হাজার হাজার চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক পাস করে কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন। অনেকেই বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসে আধুনিক চিকিৎসা চর্চায় যুক্ত হচ্ছেন।

চ্যালেঞ্জ ও সমস্যা

১. সামাজিক ও ভৌগোলিক বৈষম্য : শহুরে এলাকায় তুলনামূলকভাবে আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য হলেও, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্যও সংগ্রাম করেন। একটি আধুনিক এক্স-রে মেশিন বা প্রশিক্ষিত চিকিৎসক না থাকায় বহু মানুষ জীবনহানি বা ভুল চিকিৎসার শিকার হন।

২. চিকিৎসা ব্যয় ও অর্থনৈতিক চাপ : আধুনিক চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বেসরকারি হাসপাতালে সাধারণ একটি অপারেশন বা কেমোথেরাপি নিতে গিয়ে পরিবারকে সর্বস্ব বিক্রি করতে হচ্ছে। স্বল্প আয়ের মানুষের জন্য এই খরচ মেটানো প্রায় অসম্ভব।

৩. মানবসম্পদের ঘাটতি ও মেরুদন্ডহীন নীতিমালা : চিকিৎসকের সংখ্যা বাড়লেও প্রশিক্ষিত নার্স, টেকনোলজিস্ট এবং থেরাপিস্টের অভাব রয়ে গেছে। একজন চিকিৎসকের কাজ তিনজনকে ভাগ করে করতে হয়। এ ছাড়া, অনেক সরকারি হাসপাতালে একাধিক পদ খালি থাকলেও নিয়োগ বিলম্বিত বা রাজনৈতিক প্রভাবাধীন হওয়ায় কার্যকর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

৪. অব্যবস্থাপনা ও দুর্নীতি : সরকারি হাসপাতালে ওষুধ চুরি, নকল যন্ত্রপাতি সরবরাহ, চিকিৎসার সময় রোগীর অবহেলা এবং দালাল চক্রের সক্রিয়তা সাধারণ জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। নীতিনির্ধারকদের সদিচ্ছা থাকলেও বাস্তবায়নে অনীহা বা দুর্নীতিপরায়ণ প্রশাসনের কারণে সংস্কার ধীরগতির।

 ভবিষ্যৎ করণীয় :

১. প্রান্তিক পর্যায়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করতে হবে। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগ নিশ্চিত করা জরুরি।

২. সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে স্বাস্থ্যবীমা চালু করতে হবে। দরিদ্র জনগণের জন্য সাবসিডি-ভিত্তিক চিকিৎসা প্যাকেজ চালু করা যেতে পারে।

৩. মানবসম্পদ উন্নয়নে নার্সিং ও প্যারামেডিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন ও বিস্তার ঘটাতে হবে।

৪. স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান এবং রোগীর অধিকার সংরক্ষণ আইন কার্যকর করতে হবে।

বাংলাদেশে আধুনিক চিকিৎসা : সম্ভাবনা, সমস্যা ও বৈশ্বিক তুলনা

বাংলাদেশের স্বাস্থ্য খাত বর্তমানে ধাপে ধাপে অগ্রসরমান উন্নয়নের পথে রয়েছে। একদিকে প্রযুক্তিনির্ভর আধুনিক চিকিৎসার প্রসার ঘটছে, অন্যদিকে কাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং আর্থিক অসমতা উন্নয়নের গতি বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক অঙ্গনে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপ-আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই আধুনিকতা, ন্যায়বিচার ও সাশ্রয়ী সেবার মডেল হয়ে উঠেছে। সেই তুলনায় বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়ায় তা বিশ্লেষণ করা সময়োপযোগী। আধুনিক চিকিৎসার বৈশ্বিক তুলনা : ব্যবস্থাপনা ও সেবার মান

১. থাইল্যান্ড : থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি মডেল হেলথকেয়ার সিস্টেমের দেশ হিসেবে বিবেচিত। দেশটি ২০০২ সালে ‘Universal Coverage Scheme (UCS)’ চালু করে, যার ফলে ৯৮ শতাংশ নাগরিক সরকারি সহযোগিতায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। গরিব বা মধ্যবিত্ত নাগরিকদের জন্য এটি এক বিরাট নিরাপত্তার গ্যারান্টি। সরকারি হাসপাতালেও চিকিৎসার মান উন্নত এবং চিকিৎসক-নার্সদের একটি জবাবদিহিমূলক কাঠামোর আওতায় পরিচালিত করা হয়।

২. সিঙ্গাপুর : সিঙ্গাপুর একটি ‘হাইব্রিড হেলথ মডেল’ অনুসরণ করে যেখানে ব্যক্তি, সরকার ও বীমা কোম্পানি মিলে স্বাস্থ্যব্যবস্থা পরিচালনা করে। ‘মেডিসেভ’, ‘মেডিশিল্ড’ এবং ‘মেডিফান্ড’ নামে তিন স্তরের স্বাস্থ্যবীমা কাঠামো রয়েছে। এটি নাগরিকদের চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে আনে, একইসঙ্গে উন্নত চিকিৎসার নিশ্চয়তা দেয়।

৩. ইউরোপ ও আমেরিকা : ইউরোপে অধিকাংশ দেশেই Universal Health Care  রয়েছে (বিশেষ করে যুক্তরাজ্যের  NHS, ফ্রান্স, জার্মানি, সুইডেন)। স্বাস্থ্যসেবা মূলত রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপিত এবং নাগরিকদের বড় একটা অংশ চিকিৎসা খরচ বহন করে না।

যুক্তরাষ্ট্রে যদিও স্বাস্থ্যব্যবস্থা প্রযুক্তিনির্ভর ও উন্নত, তবুও হেলথ ইনসুরেন্স ছাড়া চিকিৎসা প্রায় অসম্ভব। | Medicare ও Medicaid এর মাধ্যমে বয়স্ক এবং নিম্নআয়ের মানুষের সুরক্ষা থাকলেও বাকি সবার জন্য বেসরকারি ইনসুরেন্স একসময় বাধ্যতামূলক ছিল। এখানে ইনসুরেন্স ছাড়া চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে তা অনেকের ক্ষেত্রেই অসম্ভব একটি ব্যাপার। তবে নিম্নআয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তিকর হলেও যাদের উপার্জন মোটামুটি ভালো তাদের ইন্সুরেন্সের জন্য অনেক ডলার ব্যয় করতে হয়। তবুও তা মন্দের ভালো। উচ্চব্যয় নিয়ে অনেক বিতর্ক আছে, সমালোচনা আছে।

বাংলাদেশে ব্যবস্থাপনার চিত্র : মূল পার্থক্য কোথায়?

১. নীতিগত স্বচ্ছতার অভাব : বিদেশে হেলথ ম্যানেজমেন্টে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও গবেষণালব্ধ সিদ্ধান্ত কার্যকর হয়। বাংলাদেশে অনেক সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবিত এবং সময়সীমাবদ্ধ প্রকল্পনির্ভর।

২. নিরীক্ষার অভাব : উন্নত দেশগুলোতে চিকিৎসক ও হাসপাতালগুলোর ওপর নিয়মিত নিরীক্ষা ও মানপরীক্ষা হয়। বাংলাদেশে তা প্রায় নেই বা অকার্যকর।

৩. তথ্যপ্রযুক্তির ব্যবহার সীমিত : রোগীর স্বাস্থ্য রেকর্ড, ওষুধ ব্যবস্থাপনা বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে, যেখানে ইউরোপ বা সিঙ্গাপুরে সবই ডিজিটাল ও কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষিত।

৪. জনবল ব্যবস্থাপনা দুর্বল : প্রশিক্ষণ, কর্মপরিকল্পনা ও পদায়নে স্বচ্ছতা না থাকায় গ্রামীণ পর্যায়ে ডাক্তার ও নার্সদের ঘাটতি থেকে যায়, যেখানে থাইল্যান্ডে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে দক্ষ কর্মী প্রেরণে সরকারি বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশে হেলথ ইনসুরেন্স : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা

বর্তমান অবস্থা : বাংলাদেশে স্বাস্থ্য বীমা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারি প্রকল্প যেমন ‘শ্রয়ণী হেলথ কার্ড’ বা ক্ষুদ্র বীমা উদ্যোগ সীমিত আকারে চালু থাকলেও এগুলোর প্রভাব সীমাবদ্ধ ও পরীক্ষামূলক।

বেসরকারি কিছু কোম্পানি (মেটলাইফ, গ্রিন ডেল্টা) হেলথ ইনসুরেন্স প্রদান করলেও তা মূলত কর্পোরেট কর্মীদের জন্য। সাধারণ মানুষ এখনো চিকিৎসা খরচ নিজেই বহন করে যাকে বলে | Out of Pocket Expense । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসা খরচের ৬৮ শতাংশের বেশি ব্যক্তিগত খরচ।

ভবিষ্যৎ সম্ভাবনা :

১. সরকারি সহযোগিতায় জাতীয় হেলথ ইনসুরেন্স স্কিম চালু করা সম্ভব, বিশেষ করে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির জন্য। এটি ধাপে ধাপে জেলার ভিত্তিতে শুরু করা যেতে পারে।

২. বেসরকারি ইনসুরেন্স কোম্পানিগুলোকে উৎসাহিত করা প্রয়োজন যাতে তারা কম প্রিমিয়ামে ন্যূনতম কভারেজসহ সাধারণ মানুষের জন্য বীমা চালু করে।

 ৩. স্বাস্থ্যবীমা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিও জরুরি, কারণ মানুষ এখনো জানে না বীমা কীভাবে কাজ করে বা কীভাবে এটি চিকিৎসার খরচ কমাতে সাহায্য করে।

৪. ডিজিটাল স্বাস্থ্যকার্ড চালুর মাধ্যমে রোগীর ইতিহাস সংরক্ষণ ও ইনসুরেন্স প্রক্রিয়া অটোমেট করা যেতে পারে।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসার প্রবর্তন আমাদের এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। তবে এ সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিমূলক প্রশাসন, এবং সমতাভিত্তিক স্বাস্থ্যনীতি। প্রযুক্তি, দক্ষতা ও সদিচ্ছা যদি একত্রে কাজ করে, তবে বাংলাদেশ একটি যুগোপযোগী, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

লেখক : চিকিৎসক