নিয়ন্ত্রণ হারাল মদ ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিল পথচারীরা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদ ভর্তি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে গেলে গাড়িতে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয় উপস্থিত জনতা। বুধবার (১৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চালক রোকনুজ্জামান মিয়াকে (২১) আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ৬ জনকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দেয় উপস্থিত  জনতা। কিছুক্ষণ যেতেই ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ সংলগ্ন সড়ক পাশের পিলারে ধাক্কা লেগে ফের নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এ সময গাড়িতে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয় উপস্থিত জনতা। পরে প্রাইভেটকার তল্লাশি করে আরও ৫৬ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘প্রাইভেটকার তল্লাশি করে ৫৬ টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। এ  বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’