কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২৭ জন। আজ বৃহস্পতিবার তাদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।
এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিডিআর বিদ্রোহের মামলায় ৪০জন আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
জানা যায়, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ৪০ জনের মধ্যে আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে পাঁচজন, পার্ট-২ থেকে ১০ জন ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি পান।
এ ছাড়া বুধবার এই ইউনিট থেকে আরও এক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্টের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, বুধবার বিকেলে বন্দি ২৭ জন সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।