কুড়িগ্রামে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় তিন বিজিবি সদস্য ও এক আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন। গত বুধবার রাত ১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২) জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। এ তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।

বিজিবি সূত্রে জানা গেছে, বজ্রপাতে এক আনসার ও চারজন বিজিবি সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। রৌমারী থানা পুলিশের ওসি লুৎফর রহমান জানান, সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আরও চারজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।