দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জামাল হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা ৭০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামাল হোসেন (৩৮) দিঘীরত্না গ্রামের আনছার আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান পরিচালনা করে জামাল হোসেনকে বাড়ির প্রবেশ গেটের সামনে রাস্তার উপর থেকে ৭০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, জামাল হোসেন একজন কুখ্যাত মাদক কারবারি। কোন মাদক কারবারির ঠাই দিনাজপুরে হবে না। এসপি স্যারের নির্দেশনা বাস্তবায়নে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।