অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় সেই শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এদিকে আটক শিক্ষার্থীর কিছু হলে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে আন্দোলনস্থল থেকে এ ঘোষণা দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে; বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান, এক দুই তিন চার হল আমার অধিকার।
জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, বোতল কাণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই ইসতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে গেছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, আমার ভাইয়ের কিছু হলে ডিবি অফিস ঘেরাও হবে। অবশ্যই এ বিষয়ের সুষ্ঠু তদন্ত হতে হবে।
জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, আমাদের ভাইকে যদি না ছাড়া হয় আমরা ডিবি কার্যালয় ঘেরাও করবো। আমাদের শিক্ষক ছাত্র ভাই-বোনরা আহত, হাসপাতালে আছেন। তাদের ওপর হামলাকারীরা কারা তাদের বিচার না করে একটা বোতল নিক্ষেপকে কেন্দ্র করে তাকে জেরা করা হচ্ছে। তাকে বা ছাড়লে আমরাও কঠোর অবস্থানে যাবো।
এর আগে আজ ডিএমপির এক খুদে বার্তায় জানানো হয়, উপদেষ্টার ওপর পানির বোতল নিক্ষেপকারীকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে উপস্থিত হয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সেখানে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসেন। কিন্তু আলোচনা চলাকালে হঠাৎ এক পর্যায়ে তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। উপস্থিত সবাই মুহূর্তেই হতভম্ব হয়ে যান, তবে সৌভাগ্যক্রমে উপদেষ্টা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হননি।