জার্ভোর ‘অত্যাচারে’ অতিষ্ঠ পুলিশ; নিষিদ্ধ করতে আদালতে আবেদন

‘জার্ভো ৬৯’ বা ড্যানিয়েল জার্ভিসকে চেনে না এমন ক্রীড়াপ্রেমী কমই আছেন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত তার যাতায়াত আছে। খেলা চলাকালীন হুট করে মাঠে ঢুকে পড়ে তিনি আলোচিত হন সবসময়। এবার সেই জার্ভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্টের পুলিশ।

ইংল্যান্ডের স্থানীয় গণমাধ্যম ‘কেন্ট অনলাইন’ জানিয়েছে, দেশটির আইনে মাঠে ঢুকে পড়া ফৌজদারি অপরাধ না হওয়ায় জার্ভোকে স্রেফ মাঠ থেকে বের করে দেওয়া ছাড়া পুলিশের কিছু করার থাকে না। কিন্তু কাঁহাতক আর সহ্য করা যায়? তাই সম্প্রতি ইংল্যান্ডের পুলিশ জারভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছে। এরপর গত মঙ্গলবার মেডওয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়েছিলেন জার্ভো।

এসময় ডিস্ট্রিক্ট জজ রবার্ট ব্রাউন জার্ভোকে জিজ্ঞেস করেন, তিনি পুলিশের অভিষোগের বিরুদ্ধে লড়াই করতে চান কি না? জার্ভো এতে সম্মতি জানালে আদালত ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে তার আগ পর্যন্ত খেলাধুলার কোনো ইভেন্টে ঝামেলা তৈরি না করার নির্দেশ দেওয়া হয় জার্ভোকে। ওই সময় পর্যন্ত যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যাচে তার প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে জার্ভো দাবি করেন, ইংল্যান্ডে মানবাধিকার বলে কিছু নেই, ‘আমার মনে হয় তারা (পুলিশ) মনগড়া কথা বলছে। এমন কিছু আমি আগে শুনিনি। কেউ কোনো অপরাধ করলে আগে গ্রেপ্তার হতো, তারপর আদালতে যেতে হতো। এই দেশ থেকে মানবাধিকার হারিয়ে গেছে। ব্যাপারটা এখন তামাশা হয়ে দাঁড়িয়েছে। আমি সত্যিই কোনো ভুল কাজ করছি না, আমি শুধু মানুষকে আনন্দ দিচ্ছি। মানুষকে আনন্দ দিতে আমার খুব ভালো লাগে।’