আমীর খসরু

আ. লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না

আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়িয়েছে। বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অসামাজিক কাজে লিপ্ত তাদের গ্রহণযোগ্যতা নেই। এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করতে হবে বলে জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, কিছু চিহ্নিত লোক থাকে প্রতিটি জায়গায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, বাড়বে না। যেসব লোকের চেহারা দেখলে মানুষ সরে যায়। যাদের দেখলে মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখেন।

তিনি বলেন, খুচরা পার্টি, এখানে সেখানে যারা আছে, এগুলো তাদের মত করে আসবে আর যাবে। এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা। সময় দেবেন আমাদের আগামী দিনের রাজনীতি কীভাবে গড়ে তুলব, তাতে।