বাবা ভালো আছেন, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে: শামারুহ মির্জা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, চোখের অস্ত্রোপচারের পর বাবা ডাক্তারের পরামর্শে আছেন, সুস্থ আছেন। তবে পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগবে।

আজ শনিবার দুপুরে ব্যাংককে চোখের চিকিৎসারত মির্জা ফখরুলের বর্তমান পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. শামারুহ মির্জা বলেন, বাবার চোখের একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে। তবে আল্লাহ তায়ালার রহমতে এখন অনেকটা ভালো আছেন। পূর্ণ বিশ্রামে আছেন। চোখে পরিষ্কারভাবে দেখতে কোনো সমস্যা হচ্ছে না। সার্বক্ষণিক চিকিৎসকের ফলোআপে আছেন।

মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তার বড় মেয়ে বলেন, চোখের প্রেসার কাটিয়ে বাবার পুরোপুরি সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। যার ফলে কবে নাগাদ দেশে ফিরবেন এখনই বলতে পারছি না। চিকিৎসকরা যখনই রিকস ফ্রি (ঝুঁকিমুক্ত) মনে করবেন, তখনই আমরা দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি এবং মা (রাহাত আরা বেগম) সার্বক্ষণিক বাবার পাশে আছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।