প্লে-অফ থেকে ছিটকে গেলেও ক্রিকেটার কিনছে কলকাতা!

আইপিএলের প্লে অফ খেলার নূন্যতম সম্ভাবনাও শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। হাতে আছে একটি ম্যাচ, যা স্রেফ নিয়মরক্ষার। কিন্তু এই একটি ম্যাচের জন্যই নতুন একজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা! বিষয়টি নিয়ে সমর্থক থেকে শুরু করে বিশ্লেষক মহলেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার বৃষ্টিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ভেস্তে যায়। এতে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়ে কলকাতা। আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। যুদ্ধের পর ব্যক্তিগত কারণে রভম্যান পাওয়েল ভারতে না ফেরায় বিকল্প হিসাবে ২৯ বছরের লেগ স্পিনারকে নেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির পর যে বিদেশি ক্রিকেটারেরা আসছেন না, তাদের বিকল্প ক্রিকেটার নিতে পারবে আইপিএলের দলগুলো। সেই বিকল্প ক্রিকেটারেরা শুধু এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেই খেলতে পারবেন। কিন্তু পরের বছর তারা দলে থাকবেন না। এই নিয়মের সুযোগেই পাওয়েলের জায়গায় শিবমকে দলে নিয়েছে কলকাতা। অর্থাৎ ব্যাটারের বদলে নেওয়া হয়েছে বোলার।

ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু এখনও করতে পারেননি শিবম। প্রথম শ্রেণি বা লিস্ট ‘এ’ ক্রিকেট খেলার অভিজ্ঞতাও নেই। মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। ২৯ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার। ওভার প্রতি খরচ করেছেন ৬.৩০ রান। তিনটি ম্যাচে কোনো উইকেট পাননি। তাই এক ম্যাচের জন্য শিবমকে দলে নেওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ।