চট্টগ্রাম নগরে বিদ্যুৎস্পৃষ্ট নিরাপত্তা প্রহরীকে বাঁচাতে গিয়ে এক কিশোরসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ মে) সকালে নগরের এম এম আলী সড়কের বশর ভিলা নামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর রবিউলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। নিরাপত্তা প্রহরী তৈয়বের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।
পুলিশ জানায়, শনিবার রাতের বৃষ্টিতে বাড়ির নিচে জমে ছিল। রবিবার সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব (৪৫)। তার এ অবস্থা দেখে ছুটে গিয়েছিল বাড়ির রবিউল (১৪) নামে এক কিশোর। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউলও। দ্রুত তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি জহিদুল কবীর বলেন, রাতের বৃষ্টিতে ভবনটির নিচে পানি জমে যায়। আজ সকাল সাতটায় নিরাপত্তা প্রহরী তৈয়ব পানিতে নামলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
জানা গেছে, তৈয়ব ও রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই বাড়ির বাসিন্দারা বিদ্যুতের লাইন বন্ধ করে দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।