গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা (সরকারপাড়া) গ্রামের মাইদুল ইসলাম (৪০) সোমবার (১৯ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তার ব্যবহৃত নিজস্ব অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।
পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইদুল ওই গ্রামের মৃত জয়নুল ইসলামের ছেলে।
বিদ্যুৎস্পর্শে মাইদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাকাই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার তৌহিদুল ইসলাম।
এদিকে, মাইদুলের অকাল মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।